বাংলাদেশ

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে সভা স্থগিতের কথা জানানো হয়। শিগগিরই সভার নতুন তারিখ নির্ধারণ করবে মজুরি বোর্ড।

জানা গেছে, বোর্ডের স্থায়ী সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে ছাড়া সভা করতে চায়নি বোর্ড। আজকের সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের বেতন কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা ছিল।

পোশাকশ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করে আসছেন। এর পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়। গত সোমবার অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন।

অন্যদিকে, শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে মজুরি কাঠামোর প্রস্তাব তৈরি করা হচ্ছে বলে জানিয়েছিলেন মালিকপক্ষের উদ্যোক্তারা।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয় ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় ওই বছরের ডিসেম্বর থেকে। সে হিসাবে চলতি নভেম্বরে বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হচ্ছে। ২০২৩ সালে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ শতাংশ।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button