দেশে প্রথমবার বাজারে এলো নারীদের নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন

দেশে প্রথমবারের মতো বাজারে এসেছে নারীদের নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’। নারীদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে সহজ ও সুবিধাজনক বিকল্প দিতে এই ইনজেকশন বাজারজাত করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া কিংবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ইনজেকশন নেওয়ার প্রচলিত পদ্ধতির বাইরে এই ইনজেকশন নারীরা নিজেরাই শরীরে প্রয়োগ করতে পারবেন।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ‘মেডোজেন সাবকিউ’ বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। ইনজেকশনটিতে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, যা ত্বকের নিচে প্রয়োগ করতে হয়।
ইনসেপ্টার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়া এ ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের এটিই বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ। একই সঙ্গে ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা বাংলাদেশের প্রথম নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন এটি।
প্রতি তিন মাসে একবার বা ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে ত্বকের নিচে এই ইনজেকশন নিতে হয়। এতে ঘনঘন স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয় না। ফলে নারীরা সহজে ও সুবিধাজনকভাবে জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারবেন বলে প্রত্যাশা করছেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।
কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতি ডোজ ইনজেকশনের দাম ৫৫০ টাকা। প্রতিদিন খাওয়ার জন্মনিয়ন্ত্রণ বড়ির তুলনায় এই পদ্ধতিতে ব্যয় ৫ দশমিক ৫২ গুণ কম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটির (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী।
তিনি বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে নারীর ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, নারীরা সাধারণত এমন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি চান, যা কার্যকর, গোপনীয়তা বজায় রাখে, সুবিধাজনক, প্রয়োজনে বন্ধ করা যায় এবং নিজেরাই প্রয়োগ করতে পারেন।
তথ্যসূত্র: যুগান্তর

