
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লেও কার্যালয়টি অক্ষত রয়েছে। স্থানীয়দের দাবি, কার্যালয়ে নয়, সামনে ও পাশের ড্রেনে জমে থাকা ময়লার স্তূপে আগুন দেওয়া হয়েছিল। এতে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কার্যালয়ের সামনের ব্যানার ও ফেস্টুন পুড়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আগুনের একটি ছবি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বিএনপি কার্যালয়ে সরাসরি আগুন দেওয়া হয়নি। কার্যালয়ের সামনে ও পাশের ড্রেনে জমে থাকা ময়লার স্তূপে আগুন দেওয়া হয়েছিল। এতে দলীয় কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা-পুলিশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা নিয়ে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও প্রকৃতপক্ষে এমন কোনো ঘটনা ঘটেনি। এটি গুজব ছাড়া আর কিছু নয়।
তিনি আরও বলেন, তাঁরা নিজেরাই দলীয় কার্যালয়ে বসে আছেন। কার্যালয়ের ব্যানার ও ফেস্টুন পুড়ে যাওয়ার খবরও সঠিক নয়। সামনের ব্যানারটি অনেক আগে থেকেই ছেঁড়া অবস্থায় রয়েছে এবং এখনো একই অবস্থায় আছে।
আলাউদ্দিন সরকার অভিযোগ করেন, বিএনপিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
অন্যদিকে, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ে আগুন লাগানোর চেষ্টা করা হয়েছিল। তবে এতে কার্যালয়ের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।



