বগুড়া জেলা
প্রধান খবর

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে বগুড়া বিএনপি নেতা মিজান বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া: দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে। তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে তাঁদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, মিজানের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে কেন্দ্রীয়ভাবে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, বিএনপি নেতা মাহবুব আলম হত্যা মামলার প্রধান আসামি কারাবন্দী আমিনুল ইসলামের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয়ভাবে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে মিজানুর রহমান মিজানের বক্তব্য জানা যায়নি।

বহিষ্কারের বিজ্ঞপ্তিতে তাঁর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button