বাংলাদেশ
প্রধান খবর

১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম এপ্রিলে প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বেড়েছে। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। গত মাসে এর দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। অর্থাৎ ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছে ৩৮৭ টাকা।

বৃহস্পতিবার নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এর আগে ফেব্রুয়ারির শুরুতে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৩৫৬ টাকা। পরে এলপিজির আমদানি শুল্ক কমানোর পর ২৪ ফেব্রুয়ারি দাম সমন্বয় করে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা করা হয়।

বিইআরসি জানিয়েছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। নতুন নির্ধারিত দাম অনুযায়ী প্রতি কেজি এলপিজির মূল্য ১৪৪ টাকা ৪ পয়সা। এই হিসেবে বিভিন্ন আকারের সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। তবে অভিযোগ রয়েছে, বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না। গৃহস্থালির কাজে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারে বিক্রেতারা অনেক সময় ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেশি দাম নিচ্ছেন।

অন্যদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগে এর দাম ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির প্রধান উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এসব উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো, যা সৌদি কার্গো মূল্য বা ‘সিপি’ নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

সূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button