করোনা: বগুড়া মোঃ আলী হাসপাতালে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৪
আক্রান্তের হার ৩২ দশমিক ৩৩শতাংশ

বগুড়ায় করোনায় মৃত্যু বেড়েই চলেছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় করোনায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মারা যাওয়ার তালিকায় নতুন যুক্ত হওয়া ৫ জন হলেন- বগুড়া গাবতলী উপজেলার শাহজাহান আলী (৫৫), সারিয়াকান্দি উপজেলার জিল্লুর রহমা (৫০), সদরের ঠনঠনিয়া এলাকার আব্দুল খালেক (৩০) ও লতিফপুর কলোনি এলাকার আলতাব হোসেন (৭২) এবং নওগাঁ জেলার হাশেম আলী (৮০)।
এছাড়া জেলায় গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৬০০ নমুনার ফলাফলে নতুন করে ১৯৪ জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সাথে সুস্থ হয়েছেন ৮১ জন। নতুন আক্রান্ত ১৯৪ জনের মধ্যে সদরের ১২২ জন, শাজাহানপুরে ৬ জন, ধুনটে ৩ জন, দুপচাঁচিয়ায় ৫ জন, শেরপুরে ১৬ জন, শিবগঞ্জে ৭ জন, আদমদীঘিতে ৬ জন, গাবতলীতে ৮ জন, কাহালুতে ১০ জন, সারিয়াকান্দি ৪ জন, সোনাতলায় ২ জন ও নন্দীগ্রামে ৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। রোববার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ৩ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনায় ৯৩ জনের, জিন এক্সপার্ট মেশিনে ২০ নমুনায় ১২ জনের, এন্টিজেন পরীক্ষায় ২৩৬ নমুনায় ৪৮ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬২ নমুনায় ৪১ জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।
তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৪,৩৭৯জন এবং সুস্থতার সংখ্যা ১২,৯২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৫ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৪২১ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছে ১০৩৮ জন।
