
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে ১৮ এপ্রিল।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের হজযাত্রীদের ভিসার আবেদন শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি, যা চলবে ২০ মার্চ পর্যন্ত। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত সব হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে ফিটনেস সনদ এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে।
এরপর ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে সৌদি সরকারের নুসুক মাসার ব্যবস্থার মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।
ধর্ম মন্ত্রণালয় আরও জানায়, নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সকল হজযাত্রীকে ২০ মার্চের মধ্যে স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ ও ফিটনেস সনদ সংগ্রহ করে ভিসার আবেদন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রীকে হজে যেতে দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছে মন্ত্রণালয়।
তথ্যসূত্র: বণিক বার্তা



