সারাদেশ
প্রধান খবর

প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো তৌহিদ আফ্রিদিকে

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি-কে প্রতারণার একটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কারাগার থেকে তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করা হয়। রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান।

আবেদনে বলা হয়, মামলার সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদের সময় তৌহিদ আফ্রিদির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করে। শুরুতে সামান্য অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর বিভিন্ন ধাপে বিনিয়োগের নামে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। পরে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button