শিক্ষা
প্রধান খবর

চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হলে তারা কোচিংনির্ভরতা থেকে দূরে থাকবে। একই সঙ্গে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে বিশ্বমানের নেতৃত্ব তৈরির লক্ষ্যে সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

সোমবার (১৫ জুন) সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষার প্রসারে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা কর্মমুখী ও বাস্তবভিত্তিক শিক্ষা লাভ করতে পারে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে শিক্ষাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যেই শিক্ষাক্রমে নতুন বিষয় যুক্ত করা হচ্ছে এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, নতুন শিক্ষাক্রম অনুযায়ী চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে তিনি আরও জানান, আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

তথ্যসূত্র: আরটিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button