কুষ্টিয়ার ডিসি নিয়ে বিতর্কিত মন্তব্য, এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে তথ্যপ্রমাণ ছাড়া বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এর আগে গত ২৭ মার্চ কুষ্টিয়ার হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে বক্তব্য দিতে গিয়ে এমপি আমির হামজা দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক সেখানে বদলি হয়ে আসার জন্য প্রায় ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন।
তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৩ এপ্রিল এমপি আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সেখানে বলা হয়, এমন ভিত্তিহীন বক্তব্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নোটিশে তাকে সাত দিনের মধ্যে জেলা প্রশাসক কাকে এই টাকা দিয়েছেন, তার নাম ও প্রমাণ প্রকাশের আহ্বান জানানো হয়।
তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো তথ্য বা প্রমাণ দিতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলার আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের কাছ থেকে তথ্যপ্রমাণ ছাড়া প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তোলা আইনত দণ্ডনীয়। এটি সরকারি কর্মকর্তাদের মর্যাদাহানির পাশাপাশি জনমনে বিভ্রান্তি তৈরি করেছে।
তিনি আরও জানান, এসব বিষয় বিবেচনায় নিয়েই আদালত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



