সারাদেশ
প্রধান খবর

ফ্লোরিডায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

ঢাকায় স্বজনদের আহাজারি; যুক্তরাষ্ট্রে জানাজা শেষে এমিরেটস ফ্লাইটে আনা হয়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহবাহী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর স্বজনরা।

এর আগে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, যুক্তরাষ্ট্র এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (২ মে) স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ দেশে পাঠানো হয়।

মরদেহ পাঠানোর আগে ফ্লোরিডার টাম্পা বে এলাকায় একটি ইসলামিক সেন্টারে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর শিক্ষার্থী ও বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।

জামিল আহমেদ লিমন (২৭) ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। একই সময়ে নিখোঁজ হন নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নামের আরেকজন।

পরে তাদের হত্যার ঘটনায় লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় আবর্জনার ব্যাগ থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button