অর্থ ও বানিজ্য
প্রধান খবর

জেট ফুয়েলের দাম বাড়ল, রাত ১২টা থেকেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার।

এর আগে সেপ্টেম্বর মাসজুড়ে দেশে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটারের দাম ছিল ১ দশমিক ০৭৭০ ডলার।

সে হিসাবে অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটে প্রতি লিটারে দাম বেড়েছে ০ দশমিক ১১১২ ডলার।

বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত সময়ে জেট এ-১-এর আন্তর্জাতিক বাজারমূল্য প্ল্যাটস রেটের গড় এবং এ সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে জেট এ-১-এর মূল্য সমন্বয় করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ধারা ২২(খ) ও ৩৪-এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ-১-এর নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নতুন এ আদেশ বুধবার রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button