সারাদেশ
প্রধান খবর

‘সামনে এসে দেখি আসলেই ট্রাম্প’- ভাইরাল মহিষ দেখতে মানুষের ঢল

নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের এক মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রে। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো প্রজাতির মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। মূলত মাথার ওপর সোনালি চুলের মতো লোম থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর মহিষটিকে দেখতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে কয়েক গুণ। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম-এ গিয়ে দেখা যায়, উৎসুক মানুষ ছবি তুলছেন ‘ডোনাল্ড ট্রাম্প’-এর সঙ্গে। কেউ কেউ আবার সাহস করে ছুঁয়েও দেখছেন তাকে।

খামারের মালিক বলেন, “প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কিনে আনি। ওর মাথার চুল দেখে আমার ছোট ভাই মজা করে নাম রাখে ডোনাল্ড ট্রাম্প।”

তিনি জানান, মহিষটি খুবই শান্ত স্বভাবের। এলবিনো জাতের মহিষ সাধারণত শান্তশিষ্ট হয়ে থাকে এবং উত্ত্যক্ত না করলে আক্রমণাত্মক আচরণ করে না। ইতিমধ্যে লাইভ ওয়েট হিসেবে কেজিপ্রতি ৫৫০ টাকায় মহিষটি বিক্রি করা হয়েছে। আগামী সপ্তাহে নতুন মালিকের কাছে এটি হস্তান্তর করা হবে।

এক স্থানীয় বাসিন্দা বলেন, “ফেসবুকে দেখে দেখতে আসলাম। আসলেই এটা দেখতে ট্রাম্পের মতো। ওর মুখ আর চুল একদম ট্রাম্পের মতো।”

আরেক দর্শনার্থী বলেন, “আমি প্রথমে ভেবেছিলাম অতিরঞ্জিত করে বলা হচ্ছে। কিন্তু সামনে এসে দেখি সত্যিই নামের সঙ্গে মিল আছে।”

খামারের পরিচর্যাকারী কাউসার জানান, মহিষটিকে বিশেষ যত্নে রাখা হয়। প্রতিদিন চারবার গোসল করানো হয়। খাবার হিসেবে দেওয়া হয় ভুট্টা, খৈল, ভুসি, ধানের কুড়া ও ঘাস।

খামার কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের কোরবানির ঈদ উপলক্ষে অন্তত ২০০টি পশু প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে প্রায় সব পশু বুকিং হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে ক্রেতাদের কাছে পশু সরবরাহ শুরু হবে।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button