
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এর আগে রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ৪৭ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন।
সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে শনিবার (২৩ মে) মামলাটি পরিচালনার জন্য আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। তিনি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করবেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তথ্যসূত্র: যমুনা টিভি
