
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যমুনা সেতু পূর্বপাড় থানার পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যমুনা সেতুর দিকে যাচ্ছিল। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি উল্টে গিয়ে বেশ কয়েকজন নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন এবং মরদেহগুলো উদ্ধার করেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তথ্যসূত্র: দি ডেইলি স্টার



