
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইয়াৎ কবীর জানান, আজ বেলা ১১টা ৪১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।
তিনি বলেন, “এটি স্বল্পমাত্রার ভূমিকম্প। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।”
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে। কারণ, ভূমিকম্পপ্রবণ তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। ফলে দেশে মাঝেমধ্যে ভূমিকম্প হওয়াকে স্বাভাবিক বলেই মনে করেন তারা।
তবে বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশে ভূমিকম্পের প্রবণতা কিছুটা বেড়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, যেটিকে তুলনামূলক কম ঝুঁকির এলাকা হিসেবে ধরা হয়, সেখানে ভূমিকম্পের ঘটনা বাড়ছে বলে তারা উল্লেখ করেছেন।
তথ্যসূত্র: আজকের পত্রিকা
