সারাদেশ
প্রধান খবর

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আবারও ফিরছে নারায়ণগঞ্জের খামারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত নারায়ণগঞ্জের খামারেই মহিষটি লালন-পালন করা হবে।

এর আগে, অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্প-এর মতো হওয়ায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ট্রাম্প’। অদ্ভুত নামের কারণে মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় বিরল এ মহিষটি।

তবে ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের ‘ডোনাল্ড ট্রাম্প’কে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।

মহিষটিকে দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-যুবক এমনকি নারীরাও ভিড় জমিয়েছিলেন খামারে। বরিশাল, কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও অনেক মানুষ এটি দেখতে আসেন। অনেকে কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।

শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। (এএফপি) থেকে রয়টার্স-সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও জায়গা করে নেয় ভাইরাল এই মহিষটি।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button