
রাজধানীর পল্লবী-তে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। একইসঙ্গে আগামীকাল মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল-এর বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন।
চার্জগঠন শুনানি শেষে আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
এর আগে গত ২৪ মে একই আদালত চার্জগঠন শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।
সেদিনই রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা অহিদুজ্জামান আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। মামলায় মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণের আলামতও পাওয়া যায়।
তথ্যসূত্র: যুগান্তর
