সারাদেশ

রাজশাহীতে ৩ ইমো হ্যাকার গ্রেপ্তার

রাজশাহীতে ৩ জন ইমো হ্যাকারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার ভোররাতে রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব-৫।

গ্রেপ্তার হওয়া তিনজন ইমো হ্যাকার হলেন, নাটোরের লালপুর উপজেলার বিলমারিয়া গ্রামের মৃত সামাদ বিশ্বাসের ছেলে শাকিব বিশ্বাস (১৯), হরিরামপুর গ্রামের আলম হোসেনের ছেলে মো.আলআমিন (২০) এবং মমিনপুর গ্রামের জাফর আলীর ছেলে মেহেদী আলী (২১)।

র‍্যাব-৫ জানায়, নাটোর ক্যাম্পের একটি দল শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোররাত পর্যন্ত রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। তাঁদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ৪৯টি সিমকার্ড, চারটি মেমোরি কার্ড, দুটি ল্যাপটপ, একটি ক্যামেরা, একটি টেলিফোন সেট ও নগদ ৪৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। 

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, অভিযানের সময় আরও তিনজন ইমো হ্যাকার পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিনজন হ্যাকার জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের ‘ইমো’ ব্যবহারকারীদের ইমো হ্যাক করতেন। পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিতেন। এদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button