গেম খেলতে না পেরে ৮ বছরের শিশুর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মায়ের ওপর অভিমান করে ইয়ামিন (৮) নামে এক শিশু আত্মহত্যা করেছে।
শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌর এলাকার আলেয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
ইয়ামিন ওই এলাকার সৌদি আরব প্রবাসী গোলাম মোস্তফার ছেলে ও স্থানীয় জাহেরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
থানা ও পরিবারের সদস্যরা জানায়, ইয়ামিন মায়ের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে প্রায় সময় ভিডিও গেম খেলত। সকালে গেম খেলতে মায়ের কাছে মোবাইল ফোন চায় ইয়ামিন। তার মা এসময় পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে ফোন না দিলে ইয়ামিন অভিমান করে বাড়ির একটি খালি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম বলেন, মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে ইয়ামিন নামে এক শিশু আত্মহত্যা করেছে। খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।



