সারাদেশ

জাতীয়করণসহ আট দাবিতে মাদরাসা শিক্ষক ঐক্যজোট

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট করেছে।

সোমবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘটে দেশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক অংশ নেয়।

বক্তারা বলেন, আমার মানবেতর জীবন-যাপন করছি। পরিবার নিয়ে স্বাভাবিক জীবনও আমাদের চলছে না। তাই আজ আমরা পরিবার ছেড়ে, মাদরাসা ছেড়ে এখানে আসতে বাধ্য হয়েছি।

দাবিগুলো হলো- প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয়করণ। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার ডাটাবেজ চূড়ান্ত করা। মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা। রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করণ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থাকরণ। প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করণ। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করণ।

বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে ২২ মার্চ শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মিছিলসহ পদযাত্রা ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য জোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমানের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক কাজী ফয়েজুর রহমান, সংগঠনের মুখপাত্র এসএম জয়নুল আবেদীন জেহাদী, মো. শামছুল আলম ও সদস্যসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, যুগ্ম সচিব মো. আব্দুস ছত্তার প্রমুখ।

এই বিভাগের অন্য খবর

Back to top button