সারাদেশ যখন গরমে অতিষ্ঠ, সেখানে জ্যাকেট পড়ে ঘুরছেন রংপুরের মানুষ

সারাদেশে গরম পড়লেও গত কয়েকদিন ধরে শীতের আমেজ রংপুরসহ উত্তরের জেলাগুলোতে। দিনভর আকাশের গোমরা মুখ আর রাত হলেই শীত। মাঝেমধ্যে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে, মাঝে মাঝে হাল্কা ঝিরি বৃষ্টি। অথচ প্রকৃতির নিয়ম অনুযায়ী ষড়ঋতুর এই দেশে এখন চৈত্রের খরতাপে মানুষসহ প্রাণীকুলে জীবন ওষ্ঠাগত হওয়ার কথা।
গত ৩ থেকে ৪ দিন ধরে এই অঞ্চলে উত্তরে শীতল হাওয়া আর থেকে থেকে হাল্কা বৃষ্টি হচ্ছে। চার দিনে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ডের কথা জানিয়েছে রংপুরের আবহাওয়া অফিস।
আবহাওয়ার নিয়মবিরুদ্ধ এই আচরণে মানুষ সুখানুভূতি লাভ করলেও এটি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
দিনভর সূর্যের দেখা না মেলায় হাল্কা শীতের অনুভূতিতে ফুলশার্ট পড়ে অফিস-আদালতে কাজ করতে অস্বস্তি নেই কারও। বন্ধ রাখা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র ও বৈদ্যুতিক পাখা। নগরীর আশেপাশের গ্রামগুলোতে ভোরবেলা ঘরছাড়া কর্মজীবী মানুষকে গায়ে হাল্কা গরম কাপড় গায়ে জড়িয়ে বের হতে হচ্ছে।
রংপুর আবহাওয়া অফিস জানায়, বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবেই অসমে এই বৃষ্টিপাত। সঙ্গে উত্তরে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে কয়েক দিন ধরে। এ অবস্থা আরও কয়েক দিন বিরাজ করবে। কিন্তু চৈত্রের দাবদাহের সঙ্গে মাঝেমধ্যেই এমন পরিস্থিতি বিরাজ করবে।



