সারাদেশ

“স্যরি আম্মু, আমি সাকিবকে ভালোবাসি’ চিরকুটে লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চিরকুট লিখে রকসি পারভিন জুবলি (১৭) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

জুবলি উপজেলার আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণির ছাত্রী ও পশ্চিম আমিরাবাদ সিকদার পাড়ার আবদুল গফুরের মেয়ে।

আজ রবিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, জুবলি শনিবার রাতের খাবার খেয়ে নিজের রুমে ঘুমাতে যায়। সাহারির সময় ডাকলেও আসেনি। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় আছে।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে জুবলির হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

চিরকুটে লেখা ছিল- স্যরি আম্মু, আমি সাকিবকে ভালোবাসি। আর আমি সাকিবকে বিয়ে করবো। আর আজকে থেকে তোমরা মেনে নিতে পারবে না। তোমরা আমাকে এতবার বলার পরেও আমি ওকে ভালবাসি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। তাই আজ তোমাদের আমি সব বলে দিলাম। তোমরা সবাই ভালো থেকো।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button