তেঁতুলতলা মাঠ বাদে থানার জন্য বিকল্প জায়গা খোঁজার নির্দেশ

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠ বাদ দিয়ে থানা ভবন নির্মাণের জন্য বিকল্প জায়গা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার তেজগাঁও বিজ্ঞান কলেজে ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠান শেষে তিনি আরো বলেন
কলাবাগানের তেঁতুলতলা মাঠ জেলা প্রশাসকের চিহ্নিত করা একটি খাস জমি হওয়ার কারণেই সেখানে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, মাঠেরও প্রয়োজন আছে খেলাধুলার জন্য। সে কারণে থানা ভবন করার জন্য বিকল্প জায়গা খুঁজে বের করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রকে নির্দেশনা দেয়া হয়েছে। যদি না পাওয়া যায় তাহলে আলোচনার মাধ্যমে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হবে।
থানা ভবন নির্মাণের প্রতিবাদ করায় মা ও ছেলেকে আটক করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সরাসরি ফেসবুক লাইভে এসে এমন কিছু প্রচার করছিল যা অসঙ্গতিপূর্ণ। তাদেরকে বারবার নিভৃত করার চেষ্টা করেও নিভৃত করা যায়নি বলেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নেয়া হয়েছিল এবং তার পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
২৪ এপ্রিল সকালে রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে ভবন নির্মাণের প্রতিবাদ করায় সৈয়দা রত্না নামে এক নারী ও তার ছেলে ঈসা আব্দুল্লাহকে আটক করে পুলিশ।
এসএ