একাত্তর টিভির গাড়ি ভাংচুরের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এটিএম বুথের সামনে রাখা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একাত্তর টিভির গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করেছে কুবি শাখা ছাত্রলীগ।
বহিস্কৃত ছাত্রলীগ নেতা এ এম নূর ঊদ্দীন হোসাইন কুবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দপ্তর সম্পাদক পদে ছিলেন। তিনি লোক প্রশাসন বিভাগের ১১ ব্যাচের শিক্ষার্থী।
কুবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ১৩ জুন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের সংবাদ প্রচারের জন্য এই টিভি চ্যানেলেটি গেলে রাত ৯ টার দিকে ভাংচুর করা হয়।
কুবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজ বলেন, প্রত্যক্ষদর্শীদরা সন্দেহভাজন হিসেবে তার নাম বলেছেন। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততা পেয়ে আমরা তাকে বহিষ্কার করেছি। আরো কেউ জড়িত কি না তা তদন্ত কমিটি তদন্ত করে দেখছে।
বহিষ্কার নিয়ে এ এম নূর ঊদ্দীন হোসাইন বলেন, এই ঘটনার সাথে আমি সম্পৃক্ত না। প্রাথমিক তদন্তে আমার নাম আসছে কিন্তু তার কোনো তথ্য প্রমাণ নেই।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী (ভারপ্রাপ্ত) বলেন, আমরা প্রেস বিজ্ঞপ্তি থেকে জেনেছি একজনকে বহিষ্কার করা হয়েছে। আমরা আরো তদন্ত করে তার এবং তার সাথে আরো কেউ জড়িত আছে কি না সে বিষয়টি নিশ্চিত করবো।
এসএ



