বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়িতে বন্য হাতির আক্রমণে ছমেদ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ছমেদ আলী মায়াঘাসি এলাকার মৃত অসীম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (২ আগস্ট) রাতে উপজেলার সীমান্তবর্তীর মায়াঘাসি পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, ছমেদ আলী দুপুরের পর সীমান্তবর্তীর মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রাত ১০ টার দিকে ওই পাহাড়ের চূড়া থেকে ছমেদ আলীর থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়।
দুপুরে ওই পাহাড় থেকে বন্য হাতির একটি দল লোকালয়ে খাদ্যের সন্ধানে নেমেছিল বলে জানান তারা।
ধারণা করা হচ্ছে, ছমেদ আলী ওই পাহাড়ে ঘাস কাটার সময় হাতির দল তার ওপর আক্রমণ করে তাকে পিষ্ট করে মেরে ফেলে রেখে যায়।
পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনা শোনার পর পরই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
