ভাড়া নিয়ে তর্কাতর্কি: যাত্রী ও পথচারীদের পিটুনিতে বাসচালক নিহত

ঢাকার আশুলিয়ায় ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে যাত্রী ও পথচারীদের পিটুনিতে মো: আরিফুল ইসলাম (২৬) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে।
লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর ইটখোলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বেশগ্রিপাড়া এলাকার মোস্তফার ছেলে। তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন বলে জানা গেছে।
জানা যায়, কোনাবাড়ি থেকে ছেড়ে আসা মীরপুরগামী কিরণমালা পরিবহনের একটি বাস বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নরসিংপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞাত এক যাত্রী ভাড়া না দিয়েই ইটখোলা বাস-স্ট্যান্ডে নেমে যান। এ নিয়ে বাসচালক আরিফুল ওই যাত্রীর সাথে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই যাত্রীসহ অজ্ঞাত পথচারীরা বাসচালককে পিটুনি দেয়। এতে আরিফুল অচেতন হয়ে পড়েন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাসচালকের সহকারী খোন মিয়া জানান, অজ্ঞাত ওই যাত্রী কোনাবাড়ি থেকে বাসে উঠেন। ভাড়া চাইলেই পরে দেবে বলে জানায়। পরে নরসিংহপুর ইটখোলা বাসস্ট্যান্ডে ভাড়া না দিয়ে নেমে যান। এ সময় বাসের চালক আরিফুল ভাড়া দেয়ার কথা বললেই ওই যাত্রী ক্ষিপ্ত হন এবং মারধর শুরু করে। এ সময় পথচারীরাও তাকে মারধর শুরু করে। পরে আরিফুল দৌড়ে বাসে উঠে পড়েন ও শুয়ে যান। এরপর অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তিনি ঘাড়ে আঘাত পেয়ে মারা গেছেন।
পুলিশ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে ওই চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সেই সাথে অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।



