কুমিল্লার লাইনচ্যুত হওয়া বিজয় এক্সপ্রেস পুরোপুরি উদ্ধারে ২ দিন সময় লাগবে

চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেছেন, কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত হওয়া বিজয় এক্সপ্রেস পুরোপুরি উদ্ধারে দুয়েকদিন সময় লাগতে পারে।
সোমবার (১৮ মার্চ) ভোরে এ তথ্য জানান তিনি।
এর আগে ভোররাত ৪টার দিকে ট্রেন চলাচলের জন্য ডাউন লাইনকে উপযুক্ত ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এর ফলে লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এ প্রসঙ্গে সাইফুল ইসলাম জানান, রোববার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। রাত ৪টা পর্যন্ত ৯ ঘণ্টা চেষ্টার পর ডাউন লাইনের ওপর পড়া বগিগুলো টেনে লাইন থেকে সরানো হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজয় এক্সপ্রেস খুব বাজেভাবে লাইনচ্যুত হয়েছে জানিয়ে এ রেল কর্মকর্তা বলেন, উদ্ধার কাজ শেষ হতে দুয়েকদিন সময় লাগতে পারে। তবে আপাতত ডাউন লাইন ট্রেন চলাচল স্বাভাবিক করার উপযোগী করা হয়েছে। দুই লাইনের ট্রেনই ডাউন লাইন দিয়ে চলাচল করবে। আপ লাইন একেবারেই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। নতুন করে লাইন তৈরি করা লাগতে পারে। কবে নাগাদ তা ঠিক করা হতে পারে তা নির্দিষ্ট করে বলা দায়। সূত্র: দেশ টিভি



