সারাদেশ

খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি, আটকা পড়েছেন বহু পর্যটক

প্রতীকী। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি পৌর শহর ও জেলা সদরে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকার।

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুম্ম ছাত্র জনতার ডাকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ চলছে। ভোর ৫টা থেকে শুরু হওয়া এ অবরোধে জেলার বিভিন্ন সড়কে পিকেটিংয়ের খবর পাওয়া গেছে। এতে আটকা পড়েছেন বহু পর্যটক।

অবরোধ সমর্থকরা খাগড়াছড়ি শহরের প্রবেশমুখ চেঙ্গী ব্রিজ, চেঙ্গী স্কয়ার ও নারায়ণ খাইয়া এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও ইট ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। ফলে খাগড়াছড়ি-দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ির অভ্যন্তরীণ সড়ক বন্ধ হয়ে যায়। এছাড়া রামগড়, মানিকছড়ি ও গুইমারা উপজেলার আঞ্চলিক মহাসড়কেও পিকেটিং চলছে। এতে ঢাকাসহ দূরপাল্লার নৈশ কোচ আটকা পড়ে।

পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা জানান, খাগড়াছড়ি-সাজেক সড়কে পর্যটকবাহী গাড়ি চলাচল নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে, শহরকেন্দ্রিক গণপরিবহন আংশিক চালু আছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা বলেন, সড়কের বিভিন্ন পয়েন্টে প্রতিবন্ধকতা সরাতে কাজ চলছে এবং সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বুধবার থেকে জুম্ম ছাত্র জনতা বিক্ষোভ শুরু করে। বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধের পর শুক্রবারের সমাবেশ থেকে শনিবারের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনে সংহতি জানিয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্রপরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুবফোরাম।

তথ্যসূত্র: সমকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button