বগুড়া জেলা
প্রধান খবর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ায় যুবদলের স্বাগত মিছিল

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বগুড়ায় স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বৃহস্পতিবার বিকেলে শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি সাতমাথা হয়ে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছেন। স্বাগত মিছিলে অংশ নেয় জেলা যুবদলের সকল ইউনিটের হাজার হাজার নেতাকর্মী। লিডার আসছে স্লোগানে স্বাগত মিছিলটি রুপ নেয় আনন্দ আয়োজনে। মিছিলের পূর্বে হাসপাতাল মাঠে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের সার্বিক ব্যবস্থাপনায় এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, সকল জল্পনা-কল্পনা আর ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আগামী ২৫শে ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান। তার আগমনের খবরে শুধু বগুড়া নয় সারা দেশের কোটি জনতা খুশির জোয়ারে ভাসছেন।

বাদশা বলেন, তারেক রহমান বিএনপি’র প্রতিষ্ঠাতা এই বগুড়ার কৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। বাবার আদর্শকে ধারণ করে সুদীর্ঘ বছর তিনি দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসার কোন কমতি নেই। আগামী ২৫ তারিখ তাইতো তাকে নিজ দেশে বীরের বেশে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন তারা।

বাদশা দৃঢ় কন্ঠে বলেন তারেক রহমানের আগমনের মধ্য দিয়েই দেশে চলমান সকল ষড়যন্ত্রের অবসান ঘটবে। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সদর উপজেলা যুবদলের সভাপতি অতুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তৌহিদ, বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি প্রমুখ।

আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান জানান, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য যে মানুষটি দীর্ঘ ১৭টি বছর লড়াই সংগ্রাম করে গেছেন তিনি বগুড়ার কৃতি সন্তান ও তাদের অভিভাবক তারেক রহমান। মামলা, হামলা, জেল-জুলুম সহ্য করেও লড়াই করেছেন এই দেশের গণতন্ত্রের জন্য।

দীর্ঘ প্রায় ১৮টি বছর ভিনদেশে থেকে অবশেষে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে তিনি আগামী ২৫ তারিখে দেশে ফিরছেন যা তাদের কাছে অত্যন্ত আনন্দের।

এই বিভাগের অন্য খবর

Back to top button