
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের ঘোষণা দেন।
রিটার্নিং অফিসার জানান, মাহমুদুর রহমান মান্নার দাখিল করা হলফনামায় তথ্যের গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ হলফনামার সঙ্গে সম্পদের বিবরণীর নির্ধারিত ফরম দাখিল না করায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
শুক্রবার সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি থাকলে নির্ধারিত সময়ে আপিল করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
এ আসনে যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন— বিএনপির মীর শাহে আলম, জামায়াতে ইসলামীর মাওলানা শাহাদাতুজ্জামান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাল উদ্দিন।
এ ছাড়া গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালুর মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।



