নির্বাচনবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়া-১ আসনে ৪ জনের প্রার্থিতা বৈধ, স্বতন্ত্র আ.লীগ নেত্রীর মনোনয়ন বাতিল

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করা আওয়ামী লীগ নেত্রী শাহাজাদী আলম লিপির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রার্থীসহ চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তথ্যগত ত্রুটির কারণে আরও দুই প্রার্থীর মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এ আদেশ দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। প্রয়োজনীয় কাগজপত্র সঠিক থাকায় এবং কোনো আপত্তি না থাকায় চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন—
বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম,
বিএনপির আরেক প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির,
জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন
ও গণফোরামের জুলফিকার আলী।

অন্যদিকে শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ বি এম মোস্তফা কামাল পাশা এবং প্রস্তাবক না থাকায় বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আসাদুল হকের মনোনয়ন বিষয়ে সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য শাহাজাদী আলম লিপি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও যাচাই-বাছাইয়ে ভোটারদের স্বাক্ষর ও তথ্যের মধ্যে গরমিল পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, শাহাজাদী আলম লিপি ২০২৪ সালেও বগুড়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button