গাবতলী উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার গাবতলীতে ট্রাক মালিককে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলীতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের হাতে এক ট্রাক মালিক নির্মমভাবে নিহত হয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম মোঃ সাইফুল ইসলাম (৪০)। তিনি গাবতলী পৌরসভার সোন্দাবাড়ী (পূর্ব পাড়া) গ্রামের বাসিন্দা এবং পিতা মোঃ জামাল উদ্দিন প্রাং (জামু)।

পুলিশ জানায়, গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ২০ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত সাইফুল ইসলামের বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

ঘটনার খবর পেয়ে গাবতলী মডেল থানা-র অফিসার ইনচার্জ মোঃ আনিছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু মুসা সরকার এবং এসআই মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এসআই মাহবুবুর রহমান নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

এ বিষয়ে গাবতলী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button