
বগুড়ার শেরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দায়িত্ব পালনরত এক ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের গেটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিস স্টেশনের গেটের ওপর উঠে গেলে সেখানে কর্তব্যরত ফায়ার ফাইটার গুরুতর আহত হন।
নিহত ফায়ার সার্ভিস সদস্যের নাম আহসান হাবিব (৫০)। তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তার পিএন নম্বর ৩২১৮৮৯৫১১১৯০। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের বাসিন্দা এবং পিতা মোঃ আদাবর রহমান।
আহত অবস্থায় সহকর্মীরা তাকে দ্রুত পিকআপযোগে চিকিৎসার জন্য ভোর ৫টা ৩০ মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহত ফায়ার ফাইটারের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



