
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা।
সোমবার সকালে শহীদ চান্দু স্টেডিয়াম-এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে উপহার সামগ্রী তুলে দেন মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, বগুড়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মমিনুর রশিদ শাহিন, মাহফুজুল হক, স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা কোচ রিফাত হাসানসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিক সাফল্য বগুড়ার ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। এই সাফল্য ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিভাবান ক্রিকেটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, চলতি মৌসুমে বগুড়া জেলা অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দল রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়েছে।



