পুরাতন বগুড়ায় হাতকাটা সৌরভ-সানাউল গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ও মাদক

পুরাতন বগুড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, বগুড়া আর্মি ক্যাম্পে প্রাপ্ত নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এর একটি বিশেষ টহল দল ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে পুরাতন বগুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে রাত ৩টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে গ্যাংটির তিনজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,
মোঃ মেহেদী হাসান মীম (২৫), মোঃ নয়ন মন্ডল (২৫) এবং মোঃ রোকন ইসলাম জাফর (২৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তারকৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫টি দেশীয় ধারালো অস্ত্র, একটি হকিস্টিক, একটি বিদেশি মদের বোতল, চারটি মোবাইল ফোন এবং মাদকদ্রব্য সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, গ্যাংয়ের প্রধান হাতকাটা সৌরভ এর আগে সেনাবাহিনীর একটি অভিযানে গ্রেপ্তার হয়ে বর্তমানে পাবনা কারাগারে আটক রয়েছে। তার অনুপস্থিতিতে গ্যাংয়ের অন্যান্য সদস্যরা বগুড়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, রাহাজানি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। গ্রেপ্তারকৃত তিনজনই হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার পলাতক আসামি বলে জানা গেছে।
পরবর্তী আইনগত ব্যবস্থার অংশ হিসেবে গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত সকল আলামতসহ বগুড়া সদর থানা-এ হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।



