
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে শিবগঞ্জের মহাস্থানগড় এলাকায় অবস্থিত শাহ সুলতান বলখী (রহ.) এর মাজার এ নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের বগুড়ায় প্রথম সফর হবে বলেও তিনি উল্লেখ করেন।
জানা গেছে, পরীক্ষামূলক (পাইলটিং) কার্যক্রমের জন্য বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড নির্বাচন করা হয়েছে। সম্ভাব্য সুফলভোগী পরিবার বাছাইয়ে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পৃথক জেলা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি করা হয়েছে।
ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে। দেশের হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের নারীরা এই সুবিধার আওতায় আসবেন। প্রতি পরিবারের একজন নারী কার্ডধারী হিসেবে নিবন্ধিত হবেন।
একটি ওয়ার্ডে যত পরিবার যোগ্য বিবেচিত হবে, তাদের সবাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরীক্ষামূলকভাবে চার মাস এই পাইলট কার্যক্রম চলবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় কর্মসূচিটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।



