বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় বিএনপির দুই নেতার হাতাহাতির বিষয়ে যা জানা গেলো

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

সোমবার (২ মার্চ) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের ভেতরে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে নির্বাচন অফিসে যান নেতারা। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিনের মধ্যে একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত জ্যেষ্ঠ নেতারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

যোগাযোগ করা হলে আলী আজগর তালুকদার হেনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেজাউল করিম বাদশা ভাইয়ের মনোনয়ন জমা দেওয়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি জেলা বিএনপি দেখবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে শেখ তাহা উদ্দিন নাহিন বলেন, সামান্য দাঁড়ানো নিয়ে তার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি দাবি করেন, তার কোনো অভিযোগ নেই এবং বিষয়টি বড় করে দেখার কিছু নেই।

প্রসঙ্গত, বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আসন ছেড়ে দেওয়ায় শূন্য হয়। আগামী ৯ এপ্রিল এই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button