বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় চিকিৎসক ডা. সামির হোসেন মিশু গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের একটি রেস্টুরেন্টে জন্মদিনের আয়োজন থেকে জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামি চিকিৎসক ডা. সামির হোসেন মিশুকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার মকটেল রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে মকটেল রেস্টুরেন্টে একটি জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডা. সামির হোসেন মিশুকে জন্মদিনের কেক কাটতে দেখা যায়। পরে বগুড়া সদর থানায় দায়ের করা জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি ডা. সামির হোসেন মিশু। তাকে শেরপুর থানা থেকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ডা. সামির হোসেন মিশু বগুড়ার একজন পরিচিত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখা এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া শাখার সভাপতির দায়িত্বেও ছিলেন।

বর্তমানে তিনি বাগেরহাটে কর্মরত রয়েছেন।

স্থানীয় পর্যায়ে ডা. সামির হোসেন মিশু ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত।

এই বিভাগের অন্য খবর

Back to top button