
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. রানা মাসুদের অপহৃত কন্যা মোছা. তাছনিয়া রানা তামান্না (১৬)কে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৩ জুন) ভোরে জয়পুরহাটের পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ মে তামান্নাকে প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় অভিযুক্ত মো. শহিদ হোসেন (২০)। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা কনস্টেবল রানা মাসুদ বাদী হয়ে শহিদ হোসেন, তার বাবা-মা এবং ভগ্নিপতি রেজাউল করিমসহ ছয়জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, ঘটনার পর অভিযুক্তরা তামান্নাকে নিয়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে ভুক্তভোগীর বাবার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
পরে মামলার তদন্তভার বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। তদন্তের অংশ হিসেবে ভিকটিমকে উদ্ধারে এবং আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে ডিবির একটি বিশেষ দল জয়পুরহাটের পাঁচবিবি এলাকায় অভিযান চালিয়ে তামান্নাকে উদ্ধার করে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, কন্যা অপহরণের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ বাহিনী সম্পর্কে বিরূপ মন্তব্য করায় কনস্টেবল রানা মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ওসি ইকবাল বাহার বলেন, “পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় নিজ বাহিনী সম্পর্কে এমন মন্তব্য শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচিত হয়েছে। তাই বিভাগীয় বিধি অনুযায়ী তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে।