বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দেশের ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড গোপালবাড়িতেও এই কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানী ঢাকায় ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বগুড়ায় বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

প্রাথমিক পর্যায়ে গোপালবাড়ি এলাকায় ৪৯৬ জন উপকারভোগীর মাঝে এই কার্ড বিতরণ করা হয়। প্রশাসন জানায়, পর্যায়ক্রমে আরও মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হবে এবং মোট ৮৬৮ জন এই ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন।

কার্ড পাওয়ার পর উপকারভোগী অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, কার্ড পাওয়ার আগেই মোবাইল ফোনে আর্থিক সহায়তার টাকা পৌঁছে গেছে, যা তাদের পরিবারের বিভিন্ন প্রয়োজন মেটাতে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকারের এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের নারীদের অর্থনৈতিক সহায়তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদসহ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button