বগুড়া জেলাশাজাহানপুর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় চাঁদাবাজির অভিযোগে এক সন্ত্রাসীর দুই পা ভেঙে দিয়েছে এলাকাবাসী

বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি হিন্দুপাড়ায় শতাধিক পরিবারকে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে সাগর (৩২) নামে এক ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এতে তার দুই পা ভেঙে গেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার শাবরুল হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত সাগর শাবরুল বাগিচাপাড়ার ঠান্ডু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে জোড়া খুনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা কনক বাবু জানান, সাগর ও জলিল জোড়া খুন মামলার আসামি। প্রায় এক মাস আগে তারা জামিনে মুক্ত হন। এরপর থেকে হিন্দুপাড়ার শতাধিক পরিবারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠলেও ভয়ে কেউ পুলিশের কাছে অভিযোগ করেননি।

তিনি আরও বলেন, রোববার বেলা ১১টার দিকে সাগর, জলিল, আলমগীরসহ কয়েকজন গ্রামে ঢুকে চাঁদা না পেয়ে জোর করে একজনের পুকুর থেকে মাছ ধরতে থাকেন। খবর পেয়ে স্থানীয়রা একত্র হয়ে সাগরকে ধরে ফেলেন। এ সময় অন্যরা পালিয়ে যান।

পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ওসি আশিক ইকবাল বলেন, “গণপিটুনিতে সাগরের দুই পা ভেঙে গেছে এবং মাথায় আঘাত রয়েছে।”

তিনি আরও বলেন, সাগর, জলিল, আলমগীরসহ তাদের সহযোগীদের অত্যাচারে এলাকাবাসী ক্ষুব্ধ ছিল। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button