
বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মোটেল থেকে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া না গেলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার (৬ জুন) দুপুর প্রায় ২টার দিকে মোটেলের একটি কক্ষ দীর্ঘ সময় ধরে ভেতর থেকে বন্ধ থাকায় কর্মচারীদের সন্দেহ হয়। কক্ষের ভেতরে অবস্থানকারী ব্যক্তিকে বারবার ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে কক্ষটির দরজা খোলা হয়।
দরজা খোলার পর খাটের ওপর শুয়ে থাকা এক ব্যক্তিকে অচেতন অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বিপুল চন্দ্র পাল (৫০) বলে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকার বাসিন্দা এবং তিনি জিতেন্দ্রনাথ পালের ছেলে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।