
বগুড়ায় ভ্যানিটি ব্যাগে করে ইয়াবা পাচারের সময় দুই বেয়াইনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (৮ জুন) বিকেলে বগুড়া শহরের চকযাদু ক্রস লেন এলাকার বিআরটিসি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বুলবুলি বেগম (৪৫) এবং বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার নাজমা বেগম (৩৮)। সম্পর্কে তারা একে অপরের বেয়াইন।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিললুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল চকযাদু ক্রস লেন এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন দুই নারীকে আটক করে তাদের সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশি করা হলে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বুলবুলি বেগম তার বেয়াইন নাজমা বেগমের কাছ থেকে ইয়াবার চালান সংগ্রহ করতে এসেছিলেন। ইয়াবা হস্তান্তরের সময়ই ডিএনসির সদস্যরা তাদের হাতেনাতে আটক করেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তথ্যসূত্র: আজকের পত্রিকা