
বগুড়া জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চেয়ারম্যান, বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং ভাষাসৈনিক ডা. মকবুল হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১০ জুন) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার নাতি রেজাউল করিম রয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বাদ এশা নারুলী মধ্যপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
ডা. মকবুল হোসেন বগুড়ার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন পরিচিত মুখ ছিলেন। তিনি দীর্ঘদিন জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। ভাষা আন্দোলনে অবদানের কারণে তিনি ভাষাসৈনিক হিসেবে পরিচিত ছিলেন।
তিনি ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া জেলা পরিষদের প্রশাসক ছিলেন। এরপর ২০১৭ সালে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মেয়াদ শেষে ২০২২ সালে আবারও প্রশাসকের দায়িত্ব পান এবং পরবর্তী সময়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।