ধুনট উপজেলাবগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার ধুনটে নদীতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদীতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর মারজিয়া খাতুন (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বথুয়াবাড়ি সেতুর নিচে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মারজিয়া খাতুন উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের বাঙালি নদীর দাবুর বাড়ির ঘাট এলাকায় অন্য শিশুদের সঙ্গে খেলছিল মারজিয়া। একপর্যায়ে খেলতে খেলতে সে নদীতে নেমে পড়ে। সাঁতার না জানায় নদীর স্রোতে তলিয়ে যায় শিশুটি।

এ সময় অন্যান্য শিশুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার চেষ্টা চালান। খবর পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এনে নদীতে তল্লাশি চালানো হলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

রোববার সকালে পরিবারের সদস্যরা আবারও নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডুবে যাওয়ার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার ভাটিতে বথুয়াবাড়ি সেতুর নিচে মারজিয়ার মরদেহ ভাসতে দেখা যায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button