বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ার সান্তাহারে শিশু রাকামনি হত্যা: ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় প্রথম শ্রেণির শিক্ষার্থী রাকিকা আক্তার রাকামনি হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রোববার (১৪ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনি সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রেলওয়ে ইয়ার্ড কলোনির নুরানি ইসলামিয়া একাডেমি মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল মমিন। বক্তারা বলেন, শিশু রাকামনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জুন বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রতিবেশী আমজাদ হোসেন ও তার স্ত্রী বন্যা বেগম শিশুটিকে তাদের বাড়িতে নিয়ে যান। অভিযোগ রয়েছে, রাকামনির কানে থাকা সোনার গয়না নেওয়ার পর তাকে হত্যা করা হয়। পরে মরদেহ বস্তাবন্দি করে ঘরের খাটের নিচে লুকিয়ে রাখা হয়।

পরিবারের সদস্যরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও রাকামনির সন্ধান না পেয়ে মাইকিং শুরু করেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে আমজাদ হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়। রাত প্রায় ১০টার দিকে খাটের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় রাকামনির মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আমজাদ হোসেন ও তার স্ত্রী বন্যা বেগমকে আটক করে। পরদিন হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে প্রতিবেশী বাবু হোসেন ও তার স্ত্রী আয়েশা বেগমকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আদালতে পাঠানোর পর আসামিদের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। জবানবন্দিতে তারা হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, চার আসামির মধ্যে বন্যা বেগম আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button