
নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার পৌওতা এলাকায় বিদ্যুৎস্পর্শে জিসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে একটি পুকুরে সেচপাম্প দিয়ে পানি সেচ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার এমরান হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌওতা এলাকার এক মাছ ব্যবসায়ী পুকুর থেকে সেচপাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের কাজ করছিলেন। এ সময় জিসান পুকুরপাড়ে আম পাড়তে যায়। একপর্যায়ে সেখানে থাকা বৈদ্যুতিক তারে তার পা জড়িয়ে যায় এবং সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।