
বগুড়া শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বগুড়া সিটি করপোরেশন। কিছু গুরুত্বপূর্ণ সড়ক একমুখী করা, অটোরিকশার জন্য বাধ্যতামূলক লাইসেন্স ব্যবস্থা চালু এবং নম্বরভিত্তিক নিয়ন্ত্রণ পদ্ধতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানিয়েছেন, নতুন লাইসেন্স ছাড়া কোনো অটোরিকশাকে সিটি এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত এ কার্যক্রম শুরু করা হবে।
বর্তমানে শহরের সাতমাথা, থানা রোড, শেরপুর রোড, স্টেশন রোড, ফতেহ আলী বাজার গেট, চেলোপাড়া ব্রিজ, নবাববাড়ী সড়ক ও জলেশ্বরীতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনভর তীব্র যানজট লেগে থাকে। এতে চরম দুর্ভোগে পড়ছেন নগরবাসী।
স্থানীয়দের অভিযোগ, গরম, বৃষ্টি কিংবা রোদের মধ্যেও ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। বিশেষ করে কামারগাড়ি রেলক্রসিং এলাকায় যানজট শুরু হলে তা স্বাভাবিক হতে অনেক সময় লাগে।
রিকশাচালকদের ভাষ্য, দীর্ঘ সময় যানজটে আটকে থাকার আশঙ্কায় অনেক সময় তারা কম দূরত্বের যাত্রী নিতে অনাগ্রহ দেখান। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকায় বিশৃঙ্খলা আরও বেড়ে যাচ্ছে।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আতোয়ার রহমান বলেন, যানজট, হকার সমস্যা এবং নগর ব্যবস্থাপনা নিয়ে সমন্বিত পরিকল্পনা গ্রহণের উদ্যোগ চলছে। সীমিত জনবল নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও হকার সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করে বগুড়া সিটি করপোরেশন। নতুন প্রশাসনের কাছে নগরবাসীর প্রত্যাশা, কার্যকর পদক্ষেপের মাধ্যমে শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে।