
বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও মোকামতলা উপজেলা-এর নবগঠিত চারটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান-এর কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠান শিবগঞ্জ ও মোকামতলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
ইউএনওর স্বাক্ষরিত পৃথক চিঠিতে বলা হয়েছে, নবগঠিত মীরবাড়ি ইউনিয়ন, স্বর্ণগ্রাম ইউনিয়ন, সীমান্ত ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়ন গঠিত হওয়ায় ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ প্রয়োজন।
প্রস্তাবিত প্রশাসকদের মধ্যে রয়েছেন-
- মীরবাড়ি ইউনিয়নের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান
- স্বর্ণগ্রাম ইউনিয়নের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম
- সীমান্ত ইউনিয়নের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাজমুল হোসাইন
- দিগন্ত ইউনিয়নের জন্য উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন
ইউএনও জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি গেজেট অনুযায়ী, ময়দানহাট্টা ইউনিয়ন বিভক্ত করে স্বর্ণগ্রাম ইউনিয়ন গঠন করা হয়েছে। ১৭টি মৌজা নিয়ে গঠিত এ ইউনিয়নের জনসংখ্যা ১৮ হাজার ৯৩৪ জন। এছাড়া সৈয়দপুর ইউনিয়ন থেকে সীমান্ত ইউনিয়ন এবং দেউলী ইউনিয়ন থেকে দিগন্ত ইউনিয়ন গঠন করা হয়েছে। সীমান্ত ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ এবং দিগন্ত ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।
উল্লেখ্য, নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়। বিশেষ করে দুই ইউনিয়নের নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর দুই সন্তানের নামের সঙ্গে মিল রয়েছে বলে দাবি ওঠে। তবে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রতিমন্ত্রী এ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি কেবল কাকতালীয় ঘটনা।